স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলায় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ইমরান মিয়া নামের এক পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রিপা আক্তার (১৯)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রিপা বলেছেন, গত শুক্রবার দিবাগত রাতে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন ইমরান।রিপার বাবা আ. খালেক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমরানের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এজাহারে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি পাহাড় উজিলাব এলাকার রিপা আক্তারের সঙ্গে রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকার বাসিন্দা ও বাসচালকের সহকারী ইমরান মিয়ার বিয়ে হয়। রিপা ইমরানের সঙ্গে অন্য নারীর সম্পর্ক আছে জেনে ফেলায় ইমরান তাঁকে নির্যাতন করে আসছিলেন। ইমরান প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। সর্বশেষ গত শনিবার রাত দুইটার দিকে তিনি বাড়ি ফিরলে রিপা কারণ জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইমরান জ্বলন্ত কুপির তেল রিতার শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে ইমরানের বাবা বকুল মিয়া তাঁকে উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। রিপা আক্তার প্রথম আলোকে বলেন, আমার ওপর চালানো নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।ইমরানের বাবা বকুল মিয়া দাবি করেন, ইমরানের সঙ্গে রাগ করে রিপা নিজেই শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রিতার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, ইমরান হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।