স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন
গাজীপুরে কেরোসিন ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নিহত গৃহবধূর স্বামী ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর এলাকার মো. নজরুল ইসলাম ও তাঁর সহযোগী গাজীপুরের কাপাসিয়া উপজেলার পূর্ব লোহাদী এলাকার শহীদুল্লাহ ওরফে শহীদ। আদালত তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, কাপাসিয়ার চেংনা এলাকার আবদুস সাত্তারের মেয়ে হামিদা আক্তার তাঁর স্বামী মোস্তফাকে তালাক দিয়ে চাচাতো ভগ্নিপতি নজরুলকে বিয়ে করেন। ২০০০ সালের ২০ আগস্ট নজরুল তাঁর স্ত্রীকে নিয়ে কাপাসিয়ার ডাওরা এলাকায় ভাই হাদিকুলের স্ত্রী পারভীনা বেগমের বাড়িতে যান। তাঁদের সঙ্গে ছিলেন শহীদ। সেখানে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নজরুল ও শহীদ হামিদাকে নিয়ে বাড়ির পাশে আখখেতে যান। সেখানে হামিদার মুখ ও হাত বেঁধে তাঁর শরীরে কেরোসিন ঢেলে দেন শহীদ। এরপর নজরুল দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে দেন স্ত্রীর গায়ে। পরে আশপাশের লোকজন এসে হামিদাকে উদ্ধার করে কাপাসিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন হামিদা মারা যান।
এ ঘটনায় হামিদার চাচা আবদুর রহিম পাঁচজনকে আসামি করে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন হাদিকুল, হাদিকুলের স্ত্রী পারভীনা বেগম ও রুকন ওরফে লুকু। আদালত বাকি তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।