স্ত্রীকে পেটাতেন মুসফেক, চেয়েছিলেন খুন করতে: পিবিআই
স্বামীর মারধরের শিকার হয়েছিলেন। হত্যাচেষ্টাও করা হয়েছিল। এমন অভিযোগ এনে স্বামী মুসফেক আলমের বিরুদ্ধে মামলা করেন সাবেক স্ত্রী তাসনোভা কামাল। ওই অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। গত বছরের ২৬ আগস্ট মুসফেকের সঙ্গে বিচ্ছেদ হয় তাসনোভার।
পিবিআইয়ের মুখপাত্র মো. আবু ইউসুফ বলেন, ‘পিবিআই মুসফেকের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রীর করা অভিযোগের প্রমাণ পেয়েছে। এ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।’
মুসফেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মুসফেক ও তাঁর সাবেক স্ত্রী তাসনোভার বিরোধ পুরোনো। এ নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেতাপাক থানায় ও ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় অভিযোগ, গুলশান ও মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পারিবারিক আদালত, নিম্ন আদালত ও হাইকোর্টে মামলা-মোকদ্দমা আছে। এসব মামলা ও নথিপত্রে তাসনোভার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিশুসন্তানকে দেখতে না দেওয়ার অভিযোগ আছে।
সর্বশেষ তাসনোভা মুসফেক, শ্বশুর শামসুল আলম ও শাশুড়ি মোমতাজ আলমের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন। আদালতে তাসনোভার অভিযোগ ছিল, তাঁর পাঁচ বছরের সন্তানকে ১৭ মাস ধরে আটকে রেখেছেন বিবাদীরা। তাঁকে দেখতেও দেওয়া হচ্ছে না।
ওই মামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় গত ২৫ অক্টোবর মুসফেক বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিকের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত ওই মামলা খারিজ করে দেন। তাসনোভার দায়ের করা আলাদা আরেকটি মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ দেন আদালত।
পিবিআই পরিদর্শক মো. কবির হোসেন ওই মামলার তদন্ত প্রতিবেদনে লেখেন, মুসফেক আলম ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয় হাউজিং সোসাইটিতে তাঁর বাসায় স্ত্রীকে অন্যায়ভাবে আটকে রেখেছিলেন। তিনি ভারী ধাতব বস্তু দিয়ে স্ত্রীর মাথার পেছনে আঘাত করেন ও প্রাণনাশের চেষ্টা করেন। স্ত্রীর করা এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে কবির হোসেন লেখেন, তদন্তের সময় পিবিআই তাসনোভা ও তাঁর পক্ষের সাক্ষী ছাড়া আর কারও বক্তব্য পায়নি। বিবাদীকে বাদীর আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সাড়া দেননি। কোনো নথিপত্রও জমা দেননি।
অভিযোগকারী তাসনোভা প্রথম আলোকে বলেন, মার্চের মাঝামাঝিতে এই মামলার কার্যক্রম শুরুর কথা রয়েছে। অপর দিকে মুসফেক আলম বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। পিবিআই তাঁর সঙ্গে কথা বলেনি।
তাসনোভার আচরণ সহিংস উল্লেখ করে মুসফেক আলম বলেন, তিনি মালয়েশিয়ায় তাসনোভার চিকিত্সা করিয়েছিলেন। যে ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ করা হয়, সেদিন কোনো প্ররোচনা ছাড়াই তাসনোভা তাঁদের বাসায় আসেন এবং ভাঙচুর চালান। এ–সংক্রান্ত ভিডিও আছে।
তদন্ত প্রতিবেদনে যা আছে
মুসফেক ও তাসনোভা ২০১৫ সালের ২০ অক্টোবর বিয়ে করেন। বিয়ের বছর দুয়েক পর ৯ মাস বয়সী কন্যাসন্তানসহ দুজনই মালয়েশিয়ায় পড়তে যান। মুসফেক মালয়েশিয়ায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করতে পারছিলেন না।
তাসনোভা বলেছেন, মুসফেক স্ত্রী-সন্তানের কোনো খরচ দিতেন না। কিন্তু নিজে বিলাসী জীবন যাপন করতেন। অর্থ চেয়ে নিয়মিত তাসনোভাকে মারধরও করতেন। ২০১৮ সালের ৬ মার্চ তিনি স্ত্রীকে প্রচণ্ড মারধর করেন।
পরে ২০১৮ সালের ৫ অক্টোবর ২২ মাস বয়সী মেয়েকে নিয়ে মুসফেক আলম ঢাকায় চলে আসেন। তিনি সন্তানকে তাসনোভার সঙ্গে কথা বলার সুযোগ দিচ্ছিলেন না এবং তাঁকে (তাসনোভা) চাপ দিচ্ছিলেন তালাক দিতে। কিন্তু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাসনোভা তালাক দিতে চাননি।