স্ত্রীকে পেটানো সেই কনস্টেবল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় স্ত্রীকে পেটানো পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা তাঁর স্ত্রীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে আদালত এ নির্দেশ দেন।

গত শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে রুহুল আমিন তাঁর স্ত্রী নীলিমা সুলতানাকে মারধর করে ফুটপাত দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন পথচারী রুহুলকে থামান এবং তাঁদের কলাবাগান থানায় সোপর্দ করেন। রুহুল আমিন টুরিস্ট পুলিশে যোগ দেওয়ার জন্য ছুটিতে ছিলেন। স্বামী-স্ত্রী দুজনের বাড়িই নরসিংদীর বেলাব থানায়।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, নীলিমা রোববার রুহুলকে একমাত্র আসামি করে মামলাটি করেছেন। যৌতুকের দাবিতে রুহুল তাঁকে মারধর করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তিনি।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, রুহুলকে আজ আদালতে নেওয়া হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে নীলিমাকে তাঁর বোন থানা থেকে বাড়িতে নিয়ে গেছেন।

নীলিমাকে পেটানোর একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে দেন বেনজির আহমেদ রায়হান নামের এক ব্যক্তি। সেখানে দেখা যায়, রুহুল আমিন তাঁর স্ত্রী নীলিমা সুলতানাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আর নীলিমা চিৎকার করছেন। বেনজির তাঁদের থামালে নীলিমা তাঁর পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে তাঁকে বাঁচানোর আকুতি জানান।

আরও পড়ুন...