স্ত্রীকে পেটানোর মামলায় পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ সদস্য (কনস্টেবল) আবুল বাশার প্রামাণিকের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। তবে আদালত তাঁর ছোট ভাই আবু সুফিয়ানের জামিন মঞ্জুর করেছেন। দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালত গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, আবুল বাশার তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু তা আনতে অস্বীকার করায় বাশার গত ৪ মার্চ দিনাজপুর শহরের বাসায় স্ত্রীকে কোমরের বেল্ট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে প্রতিবেশীরা আয়েশাকে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করান। গত ৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে আয়েশা কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার পর বাশার ও তাঁর ছোট ভাই আবু সুফিয়ান গত ১১ মার্চ উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। এর মেয়াদ শেষে ৭ এপ্রিল তাঁরা দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপস্থিত হয়ে আবার জামিনের আবেদন করেন। এবার আদালতের বিচারক নাজমুল হাসান জামিন নামঞ্জুর করে বাশার ও তাঁর ভাইকে জেলহাজতে পাঠান।