স্ত্রীকে ফিরে পেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা না ছাড়লে স্বামীর সংসার আর নয়—জানিয়ে রেখা বেগম দুই মাস আগে বাবার বাড়ি চলে যান। এর মধ্যে নেশাও ছাড়া হয়নি, স্ত্রীকেও ফিরে পাননি অমৃত মিয়া। ক্ষোভে স্ত্রীর ভাইয়ের চার বছরের শিশু স্নেহাকে অপহরণ করেন অমৃত। স্ত্রীকে ফিরে পেতে শিশু অপহরণের ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আর ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের মহল্লা থেকে শিশুটিকে উদ্ধার ও অমৃতকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও রেখার পরিবারের সদস্যরা জানান, অমৃত মিয়ার (৩০) বাড়ি ভৈরব পৌর শহরের চণ্ডীবের মহল্লায়। আর রেখা বেগম (২৫) ভৈরবপুর মহল্লার বাসিন্দা। সাত বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের আগে রেখা জানতেন না স্বামী মাদকাসক্ত। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় রেখার দাম্পত্য সুখ নষ্ট হয়। অভিমানে দুই মাস আগে রেখা আশুগঞ্জের শরীয়তপুর গ্রামে ভাইয়ের বাসায় চলে যান। বুধবার দুপুরে অমৃত সেখানে যান এবং স্ত্রীকে তাঁর সঙ্গে ফিরতে বলেন। রেখা আগের সিদ্ধান্তে অনড় থাকেন। ক্ষুব্ধ হয়ে অমৃত স্নেহাকে নিয়ে আত্মগোপন করেন।
পরে অজ্ঞাত স্থান থেকে অমৃত মুঠোফোনে স্ত্রীকে জানান, ফোন পাওয়ার ৩০ মিনিটের মধ্যে বাড়ি ফিরে না এলে স্নেহাকে মেরে ফেলা হবে। রেখা ফিরে আসার ভান করে স্নেহাকে ফিরে পান এবং স্বামী অমৃতকে পুলিশের কাছে ধরিয়ে দেন। রেখা জানান, নেশা বাদ দিলে তাঁর স্বামী মানুষ হিসেবে মন্দ নন। সব ভালোয় কলঙ্ক দিয়েছে নেশা।
শিশু অপহরণের কারণ জানতে চাইলে পুলিিশ হেফাজতে অমৃত এক কথায় বলেন, ‘যা করেছি রেখাকে ফিরে পেতে করেছি।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ বলেন, এ ঘটনায় স্নেহার বাবা স্বপন মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অমৃতর বিরুদ্ধে মামলা করেছেন। অমৃতকে ওই মামলায় অভিযুক্ত করে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।