স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বাবর আলী (৪৮) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি কৃষিকাজ করতেন। আজ সোমবার বেলা তিনটায় এ ঘটনা ঘটে।
উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের কৃষক বাবর আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের বাবর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। সে সময় পাশের ঘর থেকে স্বামী বাবর আলী স্ত্রীকে উদ্ধার করতে ছুটে যাওয়ার সময় বিদ্যুতায়িত টিনের বেড়ায় আটকে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত বাবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃষ্টি ঘোষ জানান, বাবর আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।