স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মো. মোহনের (২৭) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় মোহনের মা নূর নাহার বেগম, স্ত্রী মিতু আক্তার ও নানি জামেলা খাতুনও আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মোহনের স্ত্রী অসাবধানতাবশত ঘরের একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পর্শে ছটফট করতে থাকেন। এ সময় পাশে থাকা মোহন, তাঁর মা ও নানি মিতুকে বিদ্যুতের তার থেকে ছাড়ানোর চেষ্টা করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনই গুরুতর আহত হন।
প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোহনের মৃত্যু হয়। মিতুসহ বাকি তিনজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।