স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নাতিকে বাঁচাতে গিয়েছিলেন দাদি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিদ্যুতের তারে জড়িয়ে নাতির সঙ্গে তিনিও মারা গেলেন। গতকাল সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার পশ্চিম মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী। গতকাল উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামের আবুল হোসেন তাঁর কৃষিজমিতে সেচের জন্য বাড়ি থেকে বিদ্যুতের তার দিয়ে একটি সংযোগ নিয়েছেন। ওই তার একসময় ছিঁড়ে বাড়ির পাশে পড়ে থাকলেও তাঁর পরিবারের কেউ তা দেখেননি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আবুল হোসেনের ছেলে নাহিম (৭) বাড়ির ভেতরে খেলাধুলা করছিল। একসময় সে ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। এ সময় তার দাদি মুগবানু (৫০) দৌড়ে এগিয়ে যান নাতিকে রক্ষা করতে। কিন্তু রক্ষা করতে পারেননি। ঘটনাস্থলেই শিশু নাহিম মারা যায়। আর দাদি মুগবানুকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্তান ও মাকে হারিয়ে আবুল হোসেন হতবিহ্বল হয়ে পড়েছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন বলেন, দাদি ও নাতির লাশ তাঁরা উদ্ধার করে গতকাল বিকেলে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।
সরিষাবাড়ীতে গতকাল স্ত্রীকে বাঁচাতে গিয়ে কৃষক বাবর আলী (৪৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় উপজেলার ছাতারিয়া গ্রামের কৃষক বাবর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিতে থাকেন। তাঁর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবর আলী ছুটে আসেন। কিন্তু তিনি স্ত্রীর কাছে যাওয়ার আগেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তবে স্থানীয় লোকজন তাঁর স্ত্রীকে ওই কক্ষ থেকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন বাবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃষ্টি ঘোষ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাবর আলী মারা গেছেন।