স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা!
মাস তিনেক আগে বিয়ে হয়েছে তাঁর। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী জামাল উদ্দিন চৌকিদার (৩০) তাঁকে নির্যাতন করতেন। ৫ মার্চ রাতে তাঁকে বেদম মারপিট করেন স্বামী। আঘাত করেন চোখে। মুখে বালিশচাপা দিয়ে রাখেন দীর্ঘক্ষণ। মারা গেছেন ভেবে স্বামী পালিয়ে যান। ভাগ্যক্রমে বেঁচে যান সেদিন। জ্ঞান ফিরে দেখেন, শ্বশুর-শাশুড়ি ও মামাশ্বশুর তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। লোকজন জেনে ফেলবে, তাই ঘরের ভেতর দুই দিন আটকে রাখা হয় তাঁকে। হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন লাকি আক্তার (১৯)।ঘটনাটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের। এ ঘটনায় লাকি আক্তার নিজেই বাদী হয়ে ৮ মার্চ নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর উপজেলার দুলুখণ্ড গ্রামের দরিদ্র কৃষক আহাদ বক্স হাওলাদারের মেয়ে লাকি আক্তারের সঙ্গে একই উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের ওয়াসউদ্দিন চৌকিদারের ছেলে জামালের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাব দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পর জামাল তাঁর শ্বশুরের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। আহাদ বক্স টাকা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে লাকির ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ। বিয়ের কয়েক দিনের মধ্যে দুই দফায় লাকিকে বাড়ি থেকে বের করে দেন জামাল। ৫ মার্চ রাতে নির্যাতন ও দুই দিন ঘরে আটকে রাখার পর খবর পান আহাদ বক্স। ৭ মার্চ তিনি মেয়েকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করান। এখনো তিনি সেখানেই আছেন। লাকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চোখ ফুলে লাল হয়ে আছে।পশ্চিম লোনসিং গ্রামে জামাল উদ্দিন চৌকিদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মামলার কথা শোনে সবাই পালিয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছে। প্রতিবেশী নার্গিস বেগম বলেন, ‘ওই রাতে ওদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি শুনেছি। পরের দিন জানতে পেরেছি, মেয়েটাকে ঘরে আটকে রাখা হয়েছে।’ অভিযুক্ত জামালের চাচা আনু চৌকিদার জানান, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। তবে যৌতুকের জন্য তাঁর ভাতিজা প্রায়ই লাকিকে অত্যাচার করত।শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নির্মল চন্দ্র দাস বলেন, মেয়েটি গলায় ও চোখে মারাত্মক আঘাত ও জখম নিয়ে ভর্তি হয়েছিলেন। নড়িয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ‘মেয়েটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাল, তাঁর মা-বাবা ও মামাকে আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছি।’