স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় সুমি বর্মণ (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। স্বামী বিষ খাইয়ে তাঁকে হত্যা করেছেন বলে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী আনন্দ সরকার পলাতক। পুলিশ জানায়, সুমি একটি ক্লিনিকের চিকিৎসা প্রযুক্তিবিদ (মেডিকেল টেকনোলজিস্ট) ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সুমি তাঁর স্বামীর সঙ্গে বাড্ডার আদর্শনগরের ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার সকালে আদর্শনগরের ভাড়া বাসা থেকে বিষ খাওয়া অবস্থায় গৃহবধূ সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মধ্যরাতে তিনি মারা যান। সুমি একটি ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি করলেও তাঁর স্বামী কিছুই করতেন না। হাসপাতালে সুমির ফুফু মুক্তি ঘোষ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যৌতুকের জন্য সুমিকে তাঁর স্বামী বিষ খাইয়ে হত্যা করেছেন। প্রেমের সম্পর্ক থেকে ছয়-সাত মাস আগে আনন্দের সঙ্গে সুমির বিয়ে হয়। দু-তিন মাস না যেতেই যৌতুকের জন্য সুমির ওপর নির্যাতন শুরু করেন আনন্দ। মেয়ের সুখের কথা চিন্তা করে ১৫ দিন আগেও আনন্দের হাতে সোয়া এক লাখ টাকা যৌতুক হিসেবে তুলে দেওয়া হয়। এর পরও আনন্দ যৌতুকের জন্য সুমির ওপর নির্যাতন চালায়।