স্ত্রীকে মারধর করে চুল কেটে দিলেন শ্রমিক লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে তাঁর মাথার চুল কেটে দিয়েছেন শ্রমিক লীগের এক নেতা৷ লুট করেছেন শ্যালকের দুটি গরু৷ গতকাল সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে৷
শ্রমিক লীগের ওই নেতার নাম মতলেব মোল্লা (৪০)৷ কুকরি-মুকরি ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মতলেব মোল্লা মুঠোফোনে বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র৷ আমি দোষী নই৷’
নির্যাতনের শিকার ওই গৃহবধূ, তাঁর ভাই ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামের বাসিন্দা মতলেব মোল্লা এ পর্যন্ত সাতটি বিয়ে করেন৷ বিয়ের পর নির্যাতনের কারণে আগের ছয় স্ত্রীই তাঁকে ছেড়ে চলে গেছেন৷ সর্বশেষ এক বছর আগে মতলেব ফুঁসলিয়ে ওই গৃহবধূকে বিয়ে করেন৷ কিন্তু কয়েক মাস ধরে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তিনি ওই নারীর ওপর নির্যাতন শুরু করেন৷ খবর পেয়ে এক মাস আগে ওই নারীর মা, বড় বোন, ছোট বোন ও ভাগনে মতলেব মোল্লার বাড়িতে যান৷ মতলেব তাঁদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন৷ এ সময় ওই নারীও মা-বোনদের সঙ্গে নিজ বাড়িতে চলে যান৷
গত রোববার মতলেব স্ত্রীকে আনতে গেলে শ্যালক তাঁর বোনকে মোল্লাবাড়িতে আর পাঠাবেন না বলে জানিয়ে দেন৷ পরে এলাকার মাতবরদের নিয়ে সালিস বসিয়ে ওই নারীকে শ্বশুরবাড়ি পাঠানো হয়৷ কিন্তু মতলেব গতকাল সকালে লোকজন নিয়ে শ্যালকের বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু লুট করেন৷ পরে নিজ বাড়িতে এসে স্ত্রীকে মারধর করেন এবং খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মাথার চুল কেটে দেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা কুকরি-মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, শ্রমিক লীগের সহসভাপতি আলম হাওলাদার, যুবলীগের সভাপতি ফারুক মজুমদার, কুকরি-মুকরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌকিদারসহ ইউনিয়নের একাধিক বাসিন্দা৷ তাঁরা জানান, মতলেব মোল্লা এলাকায় কাউকে মান্য করেন না৷ যৌতুক আদায়ের জন্য কিছুদিন পর পর তিনি বিয়ে করেন৷ যৌতুক না পেলে নির্যাতন করেন৷ এমনি করে গতকাল সকালে তিনি তাঁর সর্বশেষ স্ত্রীকে মারধরের পর চুল কেটে দেন৷
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ওই গৃহবধূকে মারধরের পর তাঁর স্বামী চুল কেটে দিয়েছেন৷ গৃহবধূকে দক্ষিণ আইচা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে৷