স্ত্রীকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে যৌনপল্লিতে নিয়ে এসে বিক্রির চেষ্টা করেছেন স্বামী। আর স্বামীর এক বন্ধু তাঁকে এ কাজে সহায়তা করেছেন। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় এ দফা রক্ষা পেয়েছেন তিনি।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীর বন্ধুকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে স্বামী পলাতক রয়েছেন।মেয়েটির স্বামীর নাম খলিলুর রহমান (২২)। তাঁর বাড়ি চাঁদপুরে। আর গ্রেপ্তার হওয়া তাঁর বন্ধুর নাম আরমান শেখ। তিনি চাঁদপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের আলী আরশাদের ছেলে। এ ঘটনায় তাঁদের দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টায় যৌনপল্লির প্রবেশপথে দুই তরুণ এক তরুণীকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন। এ সময় ডিবির কনস্টেবল আবদুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখেন। পরে তিনি ওই তরুণী ও এক তরুণকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় অপর তরুণ পালিয়ে যান। থানা সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া তরুণী (১৯) ঢাকার কেরানীগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিক। এক বছর আগে ওই তরুণীর সঙ্গে অপর একটি পোশাক কারখানার শ্রমিক খলিলুর রহমানের বিয়ে হয়।শুক্রবার বিকেলে খলিল তাঁর স্ত্রীকে বেড়ানোর কথা বলে গোয়ালন্দ নিয়ে আসেন। এ সময় খলিলুরের বন্ধু আরমান শেখও তাঁদের সঙ্গে ছিলেন। রাত নয়টার দিকে তাঁরা তাঁকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। এ সময় খলিলুর এক বাড়িওয়ালির সঙ্গে তাঁকে বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করার জন্য ভেতরে ঢোকেন। একপর্যায়ে বাইরে অপেক্ষমাণ আরমান খলিলুরের স্ত্রীকে ভেতরে নেওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করেন। এ সময় তাঁর স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ও ডিবির কনস্টেবল আবদুর রহমান স্বামীর বন্ধু আরমান শেখকে আটক করেন। পরে খলিলুরের স্ত্রীকেও উদ্ধার করা হয়। আরমান দাবি করেন, ‘খলিল তাঁর স্ত্রীকে সঙ্গে করে বেড়ানোর কথা বলে আমাকে নিয়ে আসেন। এ ঘটনায় আমি জড়িত নই।’থানার ওসি মো. আবুল বাসার জানান, এ ঘটনায় ওই তরুণী গতকাল শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। একই দিন ওই তরুণীকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।