স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলায় যৌতুকের জন্য সীমা বেগম নামের এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জানুয়ারি সদর থানায় সীমা বাদী হয়ে স্বামী আব্বাস উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন দুমকি উপজেলার সাতানী গ্রামের আজাহার উদ্দিনের মেয়ে সীমা বেগম জানান, ২০০২ সালের শেষের দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকীবাড়ীয়া গ্রামের আব্বাস উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের আট বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।সীমা অভিযোগ করেন, সন্তানের জন্মের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে ব্যবসার কথা বলে তাঁর বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলেন আব্বাস। এতে অস্বীকৃতি জানানোয় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্বাস কাঠ দিয়ে পিটিয়ে ঘরে নিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে রাতভর নির্যাতন চালান।সীমার চিৎকার শুনে পরদিন ভোরে প্রতিবেশীরা সীমার বাবার বাড়িতে খবর পাঠায়। সীমার বাবা আজাহার সিকদার পুলিশে খবর দেন। ওই দিন বিকেলে ঘটনাস্থলে পুলিশ গেলে বাড়ির লোকজন সীমাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ সীমাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।