স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা আরও দুটি মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল মণ্ডল শ্বাসরোধ করে স্ত্রী জরিনা খাতুনকে (৪০) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত জরিনার বড় ভাই সোহরাব আলী বাদী হয়ে দুলাল মণ্ডলকে আসামি করে গতকাল শনিবার থানায় হত্যা মামলা করেছেন। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্মল চন্দ্র দত্ত (৩৫) নামের একজনের ঝুলন্ত লাশ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সবুর হোসেন (৭) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সরিষাবাড়ী (জামালপুর): মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা নলসন্ধ্যা গ্রামের দুলাল মণ্ডলের সঙ্গে তাঁর স্ত্রী জরিনা খাতুনের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুক্রবার রাতে ঝগড়ার একপর্যায়ে দুলাল মণ্ডল স্ত্রী জরিনা খাতুনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। জরিনা খাতুন মাটিতে লুটিয়ে পড়লে দুলাল মণ্ডল তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিন আহমঞ্চদ জরিনাকে মৃত ঘোষণা করেন। নিহত জরিনার বড় মেয়ে দীপালি বেগম বলে, ‘বাবা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছেন।’ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বছিরুল আলম জানান, নিহত জরিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার তারুন্দিয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী নির্মল চন্দ্র দত্ত গত বৃহস্পতিবার চর সৈয়দ ভাকুরি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বাড়ির লোকজন শুক্রবার রাতে শ্বশুরবাড়ির পেছনের জঙ্গলে একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুর হোসেন শুক্রবার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টির সময় ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। শিশুটির কান ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।পরিবারের লোকজনের ধারণা, বড় শিলার আঘাতে সে মারা গেছে।