স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর বিষপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর বিষপান করেন স্বামী। তবে তাঁর মৃত্যু হয়নি। পরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম রিক্তা পারভিন (২৫)। তাঁর স্বামী মফিজুল ইসলাম। মফিজুলের ভাষ্য, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার উদ্দেশে বিষপান করেন তিনি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন মফিজুল ইসলাম। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়ও মফিজুল স্বীকার করেন, মারধর করে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন তিনি। তাঁর দাবি, স্ত্রীর পরামর্শেই এ কাজ করেছেন তিনি।

প্রথম আলোকে দেওয়া মফিজুল ইসলামের ভাষ্য, ‘প্রেম করে বিয়ে করায় শ্বশুর-শাশুড়ি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করত না। তাদের কাছে টাকা চাইলে না দিয়ে আমাকে বকাবকি করত। আমার কাছে থেকে মেয়ে ছাড়িয়ে নেবে বলে হুমকি দেয় তারা। শ্বশুর-শাশুড়ির এ কথা শুনে আমার স্ত্রী (রিক্তা) আমাকে বলেছে, ছাড়িয়ে নেওয়ার আগে আমি যেন তাকে মেরে ফেলে আত্মহত্যা করি। সেই মতো আজ ভোরে তাকে আমি মারধর করার পর গলা টিপে হত্যা করি। এরপর নিজে বিষপান করি।’

রিক্তার বাবা রফিকুল গাজীর ভাষ্যমতে, প্রায় ছয় বছর আগে শ্রীমন্তকাটি গ্রামের ইরফান মোড়লের ছেলে মফিজুল ইসলামের সঙ্গে রিক্তা পারভীনের বিয়ে হয়। তাঁদের একটি চার বছরের মেয়ে রয়েছে। বিয়ের পর কিছু দিন পর মফিজুল মাদক সেবনের টাকার জন্য রিক্তাকে মারধর শুরু করেন। রিক্তা শুরুর দিকে মাদকদ্রব্যের টাকা দিতে আপত্তি করলেও পরবর্তী সময়ে বিষয়টি মেনে নেন।

তিনি জানান, মেয়ের সুখের কথা চিন্তা করে জামাইকে কয়েক দফায় ৭০-৮০ হাজার টাকা দিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় মফিজুল তাঁর মেয়ের কাছে নেশা করার জন্য টাকা চান। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি রিক্তাকে মারধর করেন ও বাড়ি থেকে চলে যান। আজ ভোর সাড়ে চারটার দিকে মফিজুল নেশা করে বাড়ি ফিরে ঘুমন্ত স্ত্রীকে আবার মারধর শুরু করেন। একপর্যায়ে শ্বাসরোধ করে রিক্তাকে হত্যা করে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। সকালে প্রতিবেশীরা মফিজুলকে উদ্ধার করে গ্রামের চিকিত্সক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে চিকিত্সা করান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। মুঠোফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। রিক্তা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বামী মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন তিনি।