স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
খুলনায় স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ করেছেন স্বামী মনির হাওলাদার (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরের মহেশ্বরপাশা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মনিরকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম রহিমা বেগম (২৫)। তিনি স্বামী মনিরের সঙ্গে মহেশ্বরপাশা বউ বাজার এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। তবে মনির কী কারণে স্ত্রীকে হত্যা করেছেন—তা জানা যায়নি।
নগরের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আজ বেলা দুইটার দিকে রহিমা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মনির হাওলাদার। পরে দরজায় তালা দিয়ে তিনি খুলনা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে গিয়ে স্ত্রীকে হত্যার কথা জানান। আদালত দৌলতপুর থানা-পুলিশের কাছে মনিরকে হস্তান্তরের নির্দেশ দেন। পরে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ জানতে পারে। এরপর পুলিশ মনিরকে গ্রেপ্তার ও রহিমার লাশ উদ্ধার করে।
ওসি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে রহিমার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মনিরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা আবদুল ওহাব। কাল মনিরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।