স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ
মুন্সিগঞ্জ সদরের নতুনগাঁও এলাকার মোস্তাক আলী দেওয়ান তাঁর স্ত্রী মুক্তাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন৷ গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে৷ ওই দিনই পুলিশ মোস্তাকের ঘর থেকে মুক্তার লাশ উদ্ধার করে৷ এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন৷
পুলিশ ও নিহতের বাবা হাবিবউল্লাহ জানান, মোস্তাক (৩২) মাদকাসক্ত ছিলেন৷ প্রায়ই তিনি মাদক কেনার টাকা না পেয়ে মুক্তাকে (২৫) মারধর করতেন। গতকাল ভোরে মোস্তাক গলায় ওড়না পেঁচিয়ে তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন৷ ঘটনার পর তিনি তাঁর ছোট ছেলেকে নয়াগাঁওয়ের তাঁর বাবার বাড়িতে গিয়ে রেখে আসেন। আর বড় ছেলেকে নিয়ে রিকশায় করে ঘুরতে বের হন। বেলা আড়াইটার দিকে হঠাৎ করে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ওই সময় বিষয়টি জানতে পেরে পুলিশ নতুনগাঁও এলাকায় গিয়ে মোস্তাকের ঘর থেকে মুক্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দাবি করেন, মোস্তাক তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।