স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক!
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ উঠেছে সিএনজিচালিত অটোরিকশার চালক ছমির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার আদালতের নির্দেশে ঘাটাইল থানায় হত্যা মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে ঘাটাইলের খাগরাটা গ্রামের ছমিরের সঙ্গে একই উপজেলার রতনপুর গ্রামের নাসরিন আক্তারের বিয়ে হয়। তাঁদের নিঝুম নামে সাত মাসের একটি মেয়ে আছে।নাসরিনের মা রওশন আরা গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাতে ছমির তাঁর অটোরিকশায় নাসরিন ও নিঝুমকে নিয়ে রতনপুর থেকে খাগরাটার উদ্দেশে রওনা হন। পরদিন শনিবার সকালে ছমিরের বড় ভাই জমির উদ্দিন মুঠোফোনে তাঁদের জানান, অটোরিকশা দুর্ঘটনায় নাসরিন ও ছমির গুরুতর আহত হয়েছেন। তাঁরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি মেয়েকে মৃত দেখতে পান। এ সময় জমির তাঁকে জানান, মুমূর্ষু ছমিরকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে নিঝুমের কোনো ক্ষতি হয়নি।শনিবারই নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে খাগরাটা গ্রামে তাঁর লাশ দাফনের প্রস্তুতি নেয়। রওশন আরা বলেন, দুর্ঘটনায় অটোরিকশার কোনো ক্ষতি হয়নি। শিশু নিঝুমও অক্ষত রয়েছে। বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ হয়। দুর্ঘটনায় যে ধরনের আঘাত পেলে কারও মৃত্যু হয়, নাসরিনের গায়ে সে ধরনের আঘাতের চিহ্নও ছিল না। তাই তিনি ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে বাধা দেন। কিন্তু তাঁর বাধা উপেক্ষা করে লাশ দাফন করা হয়।রওশন আরা আরও বলেন, ছমির যখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় জানাজায় উপস্থিত হন, তখন তিনি নিশ্চিত হন নাসরিনকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে। তাই তিনি আদালতে মামলা করেন।নাসরিনের মামা জাহিদুল ইসলাম বলেন, ছমিরের বড় ভাই জমির মুঠোফোনে বারবার আপসের প্রস্তাব দিচ্ছেন। হত্যাকাণ্ড না হলে তিনি এ প্রস্তাব দিতেন না। এ ব্যাপারে জানতে ছমিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন তাঁর বড় ভাই জমির উদ্দিন। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, ‘ছমির গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে আছে। তার পক্ষে কথা বলা সম্ভব নয়। এ ব্যাপারের নাসরিনের পরিবারের সঙ্গে আপসের চেষ্টা চলছে।’ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করা হবে।