স্ত্রীকে হত্যা, ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ
প্রায় পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন পোশাকশ্রমিক মিলন হোসেন (২২) ও সালমা আক্তার (২০)। কিন্তু এক বন্ধুর কথা বিশ্বাস করে ভালোবাসার মানুষটিকে অবিশ্বাস করেন মিলন। সেই অবিশ্বাসের ক্রোধে হত্যা করেন স্ত্রীকে। পরে আত্মসমর্পণ করেন পুলিশের কাছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গত বুধবার দিবাগত রাতে।
সালমা আক্তার বগুড়ার গাবতলী উপজেলার বটিয়াভঙ্গা এলাকার আজিজার রহমানের মেয়ে। মিলন নাটোরের সিংড়া উপজেলার রাখসা এলাকার আকবর আলীর ছেলে।
মিলন ও সালমার সংসারে সিয়াম হোসেন (৩) নামের একটি ছেলে আছে। প্রায় তিন বছর ধরে তাঁরা মৌচাক এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। মিলন কাজ করেন স্থানীয় ক্যাপস ফ্যাশন লিমিটেড কারখানায়। সালমা কাজ করতেন এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, মিলন গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
জবানবন্দিতে মিলন জানান, তাঁর সঙ্গে বুধবার রাতে বন্ধু ও সহকর্মী মো. বাবুর বাগিবতণ্ডা হয়। ওই সময় বাবু তাঁকে বলেন, ‘তোর বউ যে অন্যজনের সাথে প্রেম করে, সেটা তুই জানস?’ কার সঙ্গে জিজ্ঞাসা করলে বাবু বলেননি। রাত সাড়ে ১২টার দিকে মিলন বাড়ি ফিরে স্ত্রী সালমার সঙ্গে কথা বলেন, জানতে চান কার সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছে। সালমা অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে বেশ কিছু সময় মিলন ও সালমার মধ্যে ঝগড়া হয়। পরে সালমা ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে একটি কাটার দিয়ে সালমাকে গলা কেটে হত্যা করেন মিলন। পরে বাসা থেকে বেরিয়ে যান।
এসআই আজহারুল ইসলাম জানান, রাত তিনটার দিকে মিলন রক্তমাখা একটি কাটার নিয়ে মৌচাক ফাঁড়িতে আসেন। তিনি কর্তব্যরত কনস্টেবলদের জানান, স্ত্রীকে খুন করে এসেছেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে পুলিশ এলাকাবাসীর কাছ থেকে হত্যার খবর পেয়ে রাতেই সালমার লাশ উদ্ধার করে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সালমার বাবা ও মা কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় বাস করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে সকালে তাঁরা ছুটে আসেন মৌচাক ফাঁড়িতে। সেখানে মা শিউলি বেগম প্রথম আলোকে বলেন, ‘এর আগে ওঁদের (মিলন ও সালমা) মধ্যে তেমন কোনো ঝগড়ার খবর পাইনি। মিলনের বন্ধু কি-না-কি বলেছে।’
ফাঁড়ির হাজতে হতবিহ্বল হয়ে বসে ছিলেন মিলন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ওকে (সালমা) অনেক ভালোবাসতাম। ওর জন্য অনেক কিছু ছাইড়া দিছি। তার পরও ও নাকি কার সাথে প্রেম করত। সত্য-মিথ্যা যাচাই-বাছাই না কইরাই ওরে মাইরা ফালাইছি।’
মিলনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেছেন সালমার বাবা আজিজার রহমান।