স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে গত শুক্রবার রাতে কামাল জমাদ্দার (৪২) তাঁর স্ত্রী বিবি আমেনা বেগমকে (৩৮) হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কামাল জমাদ্দার পলাতক।জানা গেছে, চার বছর ধরে কামাল জমাদ্দার তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে আসছেন। এ ঘটনায় আমেনা স্বামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় গত ২৮ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, কামাল জমাদ্দার চার বছর ধরে আরেক নারীর সঙ্গে পরকীয়া প্রেম করে আসছেন। ওই নারীর স্বামী বিদেশ থাকেন। এর প্রতিবাদ করায় কামাল জমাদ্দার তাঁর স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।সদর থানা পুলিশ ও নিহত আমেনার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মুদি ব্যবসায়ী কামাল জমাদ্দার দোকান থেকে ঘরে ফেরেন। ভাত খেয়েই তিনি ঘর থেকে বের হওয়ার উদ্যোগ নিলে আমেনা বেগম বাধা দেন। এতে কামাল জমাদ্দার ক্ষিপ্ত হয়ে হাতের টর্চলাইট দিয়ে আমেনাকে আঘাত করলে তাঁর কপাল কেটে যায়। পরে আমেনা ক্ষুব্ধ হয়ে হাতে দা নিয়ে বারান্দায় বসে থাকেন, যাতে স্বামী ঘর থেকে বের হতে না পারেন। এরপর গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে তাঁর লাশ পাওয়া যায়।প্রতিবেশী নাজমা বেগম জানান, ভোরে তিনি লাশ দেখতে যান। এ সময় কামাল জমাদ্দার জানান, গলায় শাড়ি পেঁচিয়ে আমেনা আত্মহত্যা করেছেন।আমেনার খালাতো ভাই রাকিব জানান, এলাকার চেয়ারম্যান ও কামাল জমাদ্দারের পক্ষ এ হত্যাকে আত্মহত্যা বলছেন এবং ময়নাতদন্ত না করেই লাশ দাফনের চেষ্টা করছেন।আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশির আহাম্মেদ বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। তদন্তে যা হবে, পুলিশ সে মতেই ব্যবস্থা নেবে।’ঘটনার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে বাঁ চোখের ওপরে, বাঁ গালে, পিঠে ও ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া গলায় লাল চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।