স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী পারভীনকে হত্যার দায়ে স্বামী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া লাশ গুম করার অভিযোগে পৃথক ধারায় তাঁকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার এ মামলায় রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া আসামি কালামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার চরশেখ গ্রামে।
রায়ে বলা হয়, আসামি আবুল কালাম হত্যার পর পুলিশের কাছে ধরা দেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, স্ত্রী পারভীনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রাগের বশবর্তী হয়ে গলা টিপে ধরলে তিনি মারা যান। নিহত পারভীন বরিশালের আগৈলঝাড়া থানার নগরবাড়ী গ্রামের সুলতান খাঁর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, কালাম ২০০৫ সালের ১০ আগস্ট স্ত্রী পারভীনকে গলা টিপে হত্যার পর লাশ বস্তাবন্দী করে বাড্ডা এলাকায় একটি ডোবায় ডুবিয়ে রাখেন।