স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি, মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদিকে নীলফামারীতে এক মাদক ব্যবসায়ীকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। গতকাল মঙ্গলবার এ রায় দেওয়া হয়। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আকবর আলী মৃধা স্ত্রীকে হত্যার দায়ে ইউনুসুর রহমানকে ফাঁসির আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইউনুসুর পলাতক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালে পাবনা সদর উপজেলার ভাঙ্গুড়া গ্রামের ইউনুসুর যৌতুকের দাবিতে স্ত্রী জহুরা খাতুনকে হত্যা করেন। এ ঘটনায় জহুরার ভাই আবু বক্কর একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।এদিকে নীলফামারী দায়রা জজ আদালত গতকাল শামসুল হুদা নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শামসুল হুদাকে পুলিশ ৪০ গ্রাম হেরোইনসহ গত বছরের ২৪ এপ্রিল গ্রেপ্তার করে।