স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী ববিতাকে (১৯) হত্যার দায়ে স্বামী মো. রুবেলকে (২৮) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত মো. রুবেল শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়াগঞ্জ গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ জুলাই রাতে শিবনগর পোড়াগঞ্জ গ্রামে স্বামীর বাড়িতে খুন হন ববিতা। তাঁকে পরনের কাপড় দিয়ে দুই হাত বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর বাড়ির সবাই পালিয়ে যায়। পরদিন প্রতিবেশীরা ওই বাড়িতে এসে ববিতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ববিতার বাবা শিবগঞ্জের দেবীনগর পিঠালীতলা গ্রামের শরিফুল ইসলাম বাদী হয়ে ২ জুলাই শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় রুবেলকে প্রধান আসামি করে আরও ছয়জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ওই বছরই ১২ নভেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন দুপুরে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও সাইকেল এনে দেওয়ার জন্য ববিতাকে চাপ দেন রুবেল। ববিতা এই দাবি প্রত্যাখ্যান করে তাঁর বাবাকে ঘটনাটি জানান।