স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে রুবেল মালিথা নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মালিথা মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, ২০১৪ সালে রুবেল মালিথার সঙ্গে পার্শ্ববর্তী তাঁতিবন গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে কুমকুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। রুবেল তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ওই বছরের ২ জুন রাতে রুবেল মালিথা তাঁর স্ত্রী কুমকুমিকে শ্বাসরোধে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখেন। এ ঘটনায় কুমকুমির বাবা আবদুল কুদ্দুস জামাই রুবেল মালিথাকে আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
অনুপ কুমার নন্দী আরও জানান, সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।