স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. কাওসার (৩৩)। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামে। কাওসার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, কাওসার তার স্ত্রী নারজিনা খাতুনকে (২২) নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ডের খাইলকুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। কাউসার স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। বিয়ের পর থেকেই কাওসার তাঁর স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন। ২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে কাউসার স্ত্রী নারজিনাকে মারধর করেন। পরে স্থানীয়রা নারজিনাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বোন মুন্নি আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।