স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তাঁর নাম আবুল হোসেন (৫৫)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী জালানি বেগমকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি ​কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার জানান, টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে খোদেজার সঙ্গে বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে আবুল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আবুল হোসেন খোদেজাকে প্রায়ই নির্যাতন করতেন। একপর্যায়ে ব্যবসার জন্য বাবার কাছ থেকে ১০ হাজার টাকা এনে দেওয়ার জন্য খোদেজাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। ১৯৯৮ সালের ১৫ জুলাই খোদেজা বাবার কাছ থেকে তিন হাজার টাকা এনে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায় খোদেজার চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় আবুল হোসেন ও তাঁর অপর স্ত্রী জালানি বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।