স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সানাউল্লাহ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমদ এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের গয়েছ আলী মিয়ার মেয়ে সোলেমা বেগমের সঙ্গে পাশের করিমগঞ্জের সানাউল্লাহ মিয়ার (৩৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য সোলেমাকে চাপ দিতে থাকেন সানাউল্লাহ। চাপের মুখে বাবার কাছ থেকে একবার ২০ হাজার টাকা এনে দেন সোলেমা। পরে আবার টাকার জন্য চাপ দিলে সোলেমার বাবা তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৪ সালের ৪ মার্চ রাতে ঘরের ভেতর পিটিয়ে সোলেমাকে হত্যা করেন তাঁর স্বামী।