স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে গতকাল সোমবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদ রানা (৪২)। তিনি গাংনী পৌর এলাকার ঝিনেরপুলের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৪ সালের ৩ মে দুপুরে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা খাতুনকে কুপিয়ে হত্যা করেন মাসুদ। যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি একই উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় নিহত সেলিনা খাতুনের মা কোহিনুর খাতুন বাদী হয়ে মাসুদকে একমাত্র আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। এর দুদিন পর পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে।
২০১৫ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন আদালতে অভিযোগপত্র দেন।