স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নজরুল ইসলাম। আজ বুধবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এ রায় দেন।
রায় ঘোষণার সময় নজরুলকে আদালতে হাজির করা হয়। রায়ের পরে তাঁকে পুলিশি পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জেলার আক্কেলপুর উপজেলার দুলালি গ্রামে গৃহবধূ নাজমা বেগমকে (২৮) ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে গলা কেটে হত্যা করা হয়। পরদিন বাড়ির পাশের ধানখেত থেকে নাজমার লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নাজমা বেগমের বড় ভাই আজিজার রহমান বাদী হয়ে ওই দিনই নাজমার স্বামী নজরুল ইসলামসহ (৪৫) অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা করেন।
আজিজার রহমান মামলায় অভিযোগ করেন, ১০ বছর আগে নজরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট বোন নাজমার বিয়ে হয়। নজরুল গরু চুরিসহ অন্যান্য ছোটখাটো চুরি করতেন। এ নিয়ে তাঁর বোন নাজমা প্রতিবাদ জানাতেন। এর জের ধরে নাজমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন নজরুল।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম মামলাটি তদন্ত করেন। ২০১৩ সালের ৩১ আগস্ট নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে দোষী প্রমাণিত হওয়ায় ওই রায় দিয়েছেন আদালত।