স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

আসামির আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন কাজী যৌতুকের দাবিতে স্ত্রী মিনা সুলতানার মুখ বেঁধে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন তুহিন ও তাঁর মা কাতু বিবির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন মিনার বাবা। পরে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে মিনার শরীরে ২১টি কোপের চিহ্ন ছিল।
২০১১ সালের ২৭ জানুয়ারি গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তুহিনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। তুহিনের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তাঁর ১০ বছরের ছেলে আকাশ। কাতু বিবিকে খালাস দেন ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তুহিন। একই সঙ্গে আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে যায়।
গত ১২ অক্টোবর হাইকোর্টে তুহিনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। পাঁচ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট আজ তুহিনের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স মঞ্জুর করে রায় ঘোষণা করেন।