স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে আবুল কাসেম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ২ জুন রাতে জেলার বারহাট্টা উপজেলার পশ্চিম ছালিপুরা গ্রামের বাসিন্দা আবুল কাসেম পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী জ্যোৎস্না আক্তারের মাথায় শক্ত কোনো জিনিস দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর আবুল কাসেম জ্যোৎস্নার গলায় দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।লাশের ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হওয়ায় বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) সুবেদ আলী বাদী হয়ে আবুল কাসেম ও তাঁর ছোট ভাই আবদুল কদ্দুছকে আসামি করে ২০০১ সালের ১৩ মার্চ মামলা করেন। ২০০৩ সালের ১৬ মার্চ ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।