স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রী রত্না রানী সামন্তকে হত্যার দায়ে পরিতোষ সামন্তকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মদন উপজেলার বৃ-বড়িকান্দি গ্রামের পরিতোষ সামন্ত (৩৫) ও তাঁর স্ত্রী রত্নার (২৮) মধ্যে প্রায়ই কলহ হতো। ২০০৬ সালের ২৮ আগস্ট সকালে দুজনের মধ্যে কলহের একপর্যায়ে পরিতোষ কোদাল দিয়ে রত্নাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রত্না মারা যান।
ওই দিনই নিহত রত্নার ছোট বোন সুপ্তা রানী বাদী হয়ে পরিতোষ সামন্তের বিরুদ্ধে মদন থানায় হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০০৭ সালের ২২ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন সুভাষ বণিক। আসামিপক্ষে ছিলেন অশোক কুমার তালুকদার।