স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. ফারুক হোসেনকে (৫১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
গাজীপুরের জীবন হোসেন নামে এক চালকের ছেলে মো. ফারুক হোসেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গীর হাজীর বস্তির ফারুকের সঙ্গে ভরান তমিজশাহর মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্না আক্তারের (৩০) বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু ফারুক প্রায়ই নেশা করত। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। ২০১০ সালের ২ আগস্ট ভোররাতে ফারুক রত্নাকে মারধর করে একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন। সকালে খবর পেয়ে রত্নার বাবা মেয়ের মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রথমে এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যু মামলা এবং পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ফারুককে আসামি করে আবু ইউসুফ বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন্দ।