স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহীন মিয়া। তাঁর বাড়ি রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তাঁর স্ত্রী শিখা আক্তারকে মারধর করেন। এতে গুরুতর আহত হন শিখা আক্তার। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের বাবা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে মো. শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে হত্যা মামলাটির রায় দেন। স্ত্রীকে হত্যার দায়ে আদালত স্বামী মো. শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন।