স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা আজ বুধবার বেলা সোয়া একটার দিকে এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম রাকিবুল হাসান (৩৯)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। রাকিবুলের নিহত স্ত্রীর নাম আছমা খাতুন (২০)।
রাজবাড়ী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, উভয় পক্ষের সাক্ষী ও যুক্তি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর স্বামীর বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় আছমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে আছমাকে। এ ঘটনায় আছমার বাবা আজাহার থানায় একটি মামলা করেন। ওই মামলায় এই সাজা হয়েছে।