স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন ও অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে তুষার ইমরান ওরফে তুফান (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয়, ২০১৪ সালে বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে তুষার ইমরানের বাড়ি থেকে তাঁর স্ত্রী শারমিন আক্তার নিখোঁজ হন। পরদিন বিকেলে স্বামীর বাড়ির পাশের পুকুরের পাশে তাঁর হাত-পা বাঁধা গলা কাটা লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বাবা আকছেদ আলী বাদী হয়ে জামাতা তুষার ও তাঁর বাবা-মাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রোববার আদালত অন্য আসামিদের খালাস দিলেও তুষারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ দেন। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
নাটোরের পিপি সিরাজুল ইসলাম বলেন, নিহত শারমিন ও তুষার পরস্পর চাচাতো ভাইবোন ছিলেন। ভালোবাসার সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। এর চার মাসের মাথায় শারমিনকে নৃশংসভাবে হত্যা করা হয়।