স্ত্রীকে হত্যার দায়ে স্বামী, বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর ফাঁসি
কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোনার কেন্দুয়ায় বন্ধুকে খুনের অপরাধে একই দিন এক তরুণকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে দণ্ড পাওয়া ব্যক্তির নাম রমজান আলী (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। নেত্রকোনায় সাজা পাওয়া তরুণ হলেন কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. দিলওয়ার হোসেন (২৫)।
গতকাল দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শাহজাহান কবির আসামির উপস্থিতিতে রায় দেন। সরকার পক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে আইনজীবী ক্ষিতীশ দেবনাথ মামলাটি পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার হোসেন আলীর মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন রমজান আলী। কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে কলহ তৈরি হয়। বিয়ের প্রায় ৬ মাস পর ২৫ অক্টোবর পারভীনকে নিয়ে পাশের মধ্যচর এলাকায় উকিলশ্বশুর মো. জয়নাল মিয়ার বাড়িতে বেড়াতে যান রমজান। সেখানে ২৮ অক্টোবর রাত আটটার দিকে পারভীনকে নির্জন জায়গায় নিয়ে ইট দিয়ে মাথা ও মুখ থেঁতলে হত্যা করা হয়। পাশের ডোবায় লাশ পাওয়া গেলে রাতেই পারভীনের বাবা হোসেন আলীকে খবর দেন এলাকাবাসী। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরদিন পারভীনের স্বামী রমজান আলী, উকিলশ্বশুর জয়নাল মিয়া ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় মামলা করেন হোসেন আলী। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মফিজুল ইসলাম ২০১৪ সালের ১৫ মে আদালতে অভিযোগপত্র দেন। গতকাল রায়ে জয়নাল মিয়া ও তাঁর স্ত্রী ইয়াসমিনকে খালাস দেওয়া হয়।
নেত্রকোনায় বেলা পৌনে একটার দিকে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মামলাটির সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সমরাজ আলীর (২৬) সঙ্গে দিলওয়ার হোসেনের দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল। এর সূত্র ধরে তাঁরা পরস্পরের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে সমরাজের স্ত্রীর প্রেমে পড়েন দিলওয়ার। বিষয়টি জানাজানি হলে দিলওয়ারকে বাড়িতে আসতে নিষেধ করেন সমরাজ। এর জের ধরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে সমরাজের বাড়ির সামনের সড়কে তাঁকে কুপিয়ে হত্যা করেন দিলওয়ার। এর পরদিন সমরাজের মা জুলেখা খাতুন দিলওয়ারকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। ২০০৪ সালের ১৯ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জনের সাক্ষ্য শেষে গতকাল দুপুরে আদালত দিলওয়ারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি সাইফুল আলম ও আসামিপক্ষে আইনজীবী আবুল হাশেম মামলাটি পরিচালনা করেন।