স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পশ্চিম গণ্ডামারা এলাকায় পুকুরে ডুবিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্য ছয় আসামিকে খালাস দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল গফুর। তিনি বাঁশখালী থানার পশ্চিম গণ্ডামার এলাকার বাসিন্দা। রায়ে তাঁকে এক লাখ টাকার অর্থদণ্ডও দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আবদুল গফুর আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন: টুনু মিয়া, সাজেদা বেগম, মো. ইদ্রিস, আবদুস সবুর, সামারুন বিবি ও নুরু মিয়া। তাঁরা সবাই আবদুল গফুরের পরিবারের সদস্য। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আসামি আবদুল গফুরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।’আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১২ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে আবদুল গফুর তাঁর স্ত্রী লুৎফুন্নাহারকে মারধর করেন। এরপর তাঁকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত লুৎফুন্নাহারের বড় ভাই নুরুল কবির বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন।২০০৫ সালের ২৬ জুন তদন্ত শেষে পুলিশ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেন আদালত।