স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লার চান্দিনা উপজেলার চানসার গ্রামের গৃহবধূ রোকেয়া বেগমকে (১৯) হত্যার দায়ে তাঁর স্বামী ছাদেক মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরনাহার বেগম ওই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, যৌতুকের দাবিতে ২০০০ সালের ২৮ জুন রাত ১০টায় রোকেয়া বেগমকে শারীরিকভাবে নির্যাতন ও মারধরের পর জবাই করে হত্যা করেন ছাদেক মিয়া। এরপর বস্তাবন্দী করে লাশ চানসার গ্রামের একটি খালে ফেলে রাখেন। ছয় দিন পর ৪ জুলাই বেলা ১১টায় খাল থেকে লাশ উদ্ধার করা হয়। ৫ জুলাই রোকেয়ার মামা সাহাদ উল্লাহ বাদী হয়ে ছাদেক মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়।
পরে চান্দিনা থানার এসআই মাইনউদ্দিন ওই ছয়জনকে বাদ দিয়ে ছাদেক মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল বুধবার বিচারক নূরনাহার বেগম আসামি ছাদেক মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ড প্রদান করেন।