স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার আজ বুধবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম রঞ্জন মণ্ডল। তিনি কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের তৈলকুপি গ্রামের বাসিন্দা। রঞ্জন পলাতক।
নারী ও শিশু নির্যাতন আদালতের আইনজীবী জহুরুল হায়দার বলেন, তালা উপজেলার বরাত গ্রামের নিমাই চন্দ্র দাশের মেয়ে স্বপ্ন রানী মণ্ডলের সঙ্গে রঞ্জন মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রঞ্জন যৌতুকের জন্য স্ত্রী স্বপ্নকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে ২০১২ সালের ৯ মার্চ দুপুরে রঞ্জন নিজের বাড়িতে স্বপ্নকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই শিবপদ দাস বাদী হয়ে ছয়জনকে আসামি করে কলারোয়া থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ১১ জুলাই রঞ্জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত নয়জনের সাক্ষ্য নেন।