স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্ত্রী হত্যার দায়ে রাজীব মণ্ডল (২৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত রাজীবের বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়ার বউবাজার গ্রামে।
গতকাল রোববার দুপুরে আদালতের বিচারক গাজী রহমান এই রায় দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে উপজেলার দুবলিয়া গ্রামের ওসমান খাঁর মেয়ে সোনিয়া খাতুনকে রাজীব বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য সোনিয়ার ওপর নির্যাতন শুরু হয়। একই বছরের ১০ ডিসেম্বর যৌতুকের দাবিতে তিনি সোনিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের বাবা ওসমান খাঁ বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, তদন্ত শেষে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি রাজীবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর দীর্ঘ সাক্ষ্য-প্রমাণাদি শেষে আদালত রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি আব্দুস সামাদ খান বলেন, রায় ঘোষণার সময় আসামি রাজীব মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।