স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

খুলনায় স্ত্রী দীপালি অধিকারীকে হত্যার দায়ে স্বামী কালিপদ অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মোহাম্মদ মহিবুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায়ের সময় কালিপদ আদালতে উপস্থিত ছিলেন। কালিপদ অধিকারী যশোর জেলার অভয়নগরের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ আগস্ট খুলনা নগরের বয়রা ক্রস রোড এলাকার একটি ভাড়া বাড়িতে কালিপদ অধিকারী তাঁর স্ত্রী দীপালি অধিকারীকে খুন করে পালিয়ে যান। ১৫ আগস্ট দীপালির ভাই কল্যাণ অধিকারী কালিপদর ফোন পেয়ে পুলিশের সহায়তায় বোনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ১৭ আগস্ট কল্যাণ অধিকারী বাদী হয়ে নগরের সোনাডাঙ্গা থানায় যৌতুক, নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা করেন। ওই মামলায় থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) জিল্লাল হোসেন একই বছরের ৩১ অক্টোবর অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।