স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার এ রায় দেন।
সাজা পাওয়া আসামির নাম জসীম উদ্দীন। তিনি সদর উপজেলার পৌরসভার ডিকেপি সড়কের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
হত্যার শিকার ওই নারীর নাম রেণু বেগম। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন, মেয়ে সোনিয়ার সামনে রেণুকে জসীম নির্যাতন করে হত্যা করেছেন। একমাত্র প্রত্যক্ষ সাক্ষী সোনিয়া ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় মাকে হত্যার জবানবন্দি দিয়েছে। এ ছাড়া ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী কমল কান্তি দাস বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৫ মার্চ রাতে জসীম রেণুর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। রেণু যৌতুক দিতে অস্বীকার করেন। এতে জসীম উত্তেজিত হয়ে মেয়ের সামনে রেণুকে বেধড়ক পেটাতে শুরু করেন। একপর্যায়ে জসীম আরও উত্তেজিত হয়ে রেণুর মাথা ভবনের দেয়ালে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে রেণু রক্তাক্ত জখম হন। জসীম রেণুর মুখে কীটনাশক ঢেলে দেন। এরপর জসীম নিজে রেণুকে বরগুনা জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেণুকে মৃত ঘোষণা করেন।