স্ত্রীকে হত্যার দায়ে ৭ বছরের কারাদণ্ড
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গৃহবধূ জুলেখা বেগম (৪০) হত্যা মামলায় তাঁর স্বামীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন গতকাল রোববার বিকেলে এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম সুরুজ আলী (৫৪)। তিনি সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জেলা কারাগারে আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জুলেখার সঙ্গে সুরুজের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি দুপুরে সুরুজ ধারালো দা দিয়ে বাড়িতে কুপিয়ে জুলেখাকে হত্যা করেন। এ ঘটনায় ছেলে জিল্লুর রহমান (২৪) থানায় মামলা করেন। তদন্ত শেষে ঝিনাইগাতী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম একই বছরের ১৭ মে আদালতে অভিযোগপত্র দেন। সুরুজকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত নয়, দাম্পত্য কলহের জেরে রাগের মাথায় হওয়ায় আদালত সুরুজকে দণ্ডবিধির ৩০৪ ধারায় কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।