স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আবদুস সাত্তার (৩৫)। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার পিঠাখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আবদুস সাত্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুস সাত্তার বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী সুলতানা বেগমকে (৩০) শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করে তিনি রাত ১১টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পিঠাখাওয়া গ্রামের পার্শ্ববর্তী গমখেত থেকে হত্যায় ব্যবহূত রক্তমাখা দা উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের বাবা ইসমাইল হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগের স্ত্রীকে তালাক দিয়ে বছরখানেক আগে সুলতানাকে বিয়ে করেন সাত্তার। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।তেঁতুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।