স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইরতা গ্রামে শারমিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যার পর স্বামী সাঈদুর রহমান খান (২৫) আত্মহত্যা করেন।শারমিনের পরিবার জানায়, নয় মাস আগে সাঈদুর রহমানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। দুজনের বাড়িই সিঙ্গাইর উপজেলায়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শারমিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছিল। গত মঙ্গলবার রাতে যৌতুক নিয়ে কলহের একপর্যায়ে তাঁকে জবাই করে হত্যা করেন সাঈদুর। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে শারমিনের শোবার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় শারমিনের বাবা আবদুর রহিম সিঙ্গাইর থানায় সাঈদুরসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে শারমিনের স্বামী সাঈদুরের লাশ উদ্ধার করেছে। সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ জানান, স্ত্রীকে খুন করার পর সাঈদুর গা ঢাকা দেন। মিরপুরের দারুস সালাম এলাকার শাহআলী আবাসিক হোটেলে আত্মহত্যা করেন তিনি। পুলিশ হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাক হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাঈদুর শাহআলী আবাসিক হোটেলে ওঠেন। এরপর রাতের কোনো একসময় ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আত্মীয়স্বজন থানায় এসে তাঁর লাশ শনাক্ত করেন। শারমিনের ভগ্নিপতি মোহাম্মদ ওবায়েদুর রহমান জানান, মঙ্গলবার রাতে শারমিনের শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে সাঈদুর ও তাঁর নিখোঁজ হওয়ার কথা জানায়। পরে ওই বাড়িতে পুলিশ শারমিনের জবাই করা লাশ উদ্ধার করে। তখন বাড়িতে কেউ ছিল না।সিঙ্গাইর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, স্ত্রীকে হত্যার পর অনুশোচনায় সাইদুর আত্মহত্যা করেছেন।