স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী স্বামী শফিক খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজারচর ওয়াজবুল্লাহ হাওলাদার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বছর আটেক আগে ওয়াজবুল্লাহ হাওলাদার ডাঙ্গী গ্রামের শফিক খানের (৩৬) সঙ্গে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের শামসুল হক খানের মেয়ে ফাতেমা আক্তারের (২৭) বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে। ফাতেমার ভাই জহিরুল ইসলাম বলেন, শফিক বিভিন্ন সময় যৌতুকের জন্য ফাতেমাকে নির্যাতন করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে শফিক বঁটি দিয়ে ফাতেমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। লাশ ঘরে রেখে শফিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন ধরিয়ে দেন। পরে এলাকাবাসী এসে আগুন নেভান। খবর পেয়ে জহিরুল ইসলাম ঘটনাস্থলে গেলে শফিক তাঁকেও কুপিয়ে জখম করে পালানোর সময় এলাকাবাসী তাঁকে আটক করেন। জহিরুলকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, পুলিশের হেফাজতে থাকার সময় শফিক বলেছেন, পরকীয়ায় জড়িত সন্দেহে তিনি স্ত্রী ফাতেমাকে কুপিয়ে হত্যা করেছেন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলতে ঘরে আগুন দিয়েছেন বলেও তিনি স্বীকার করেন।