স্ত্রীকে হত্যার পর বাঁশবাগানে ফেলে দিলেন স্বামী
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে বাঁশবাগানে ফেলে দিয়েছেন এক স্বামী। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী আবদুল জাব্বারকে (৫৫) গ্রেপ্তার করেছে। নিহত ছাপাতন্নেছার (৬৫) লাশ গতকাল সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সেহরি খাওয়ার পর জাব্বার তাঁর স্ত্রীর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করেন জাব্বার। একপর্যায়ে স্ত্রীকে গরু নিয়ে মাঠে যেতে বলেন। গরু নিয়ে বাড়ির পাশে মাঠের মধ্যে গেলে জাব্বার আবারও টাকা চান। সেখানে বাগিবতণ্ডার একপর্যায়ে জাব্বার স্ত্রীর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। পরে লাশ মাঠের পাশেই বাঁশবাগানের মধ্যে ফেলে রাখেন। সকাল সাতটার দিকে প্রতিবেশীরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধেই জাব্বার তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।