স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন স্বামী। গতকাল শুক্রবার রাজধানীর দক্ষিণ কাফরুলে এ ঘটনা ঘটে। নিহত দম্পতির নাম ইসমাইল হোসেন (৫৮) ও দেলোয়ারা বেগম (৪০)।পরিবার সূত্র জানায়, ইসমাইল সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। কাফরুল থানার পুলিশ জানায়, ইসমাইল স্ত্রী ও দুই সন্তান নিয়ে দক্ষিণ কাফরুলের একটি বাড়ির পাঁচতলায় থাকতেন। গতকাল দুপুরের পর থেকে দেলোয়ারার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা সাতটার দিকে পরিবারের লোকজন বাসার খাটের নিচ থেকে দেলোয়ারার লাশ উদ্ধার করে। এ সময় ইসমাইল ছিলেন ছাদে। লাশ উদ্ধারের পর চিত্কার-চেঁচামেচি শুরু হলে ইসমাইল ছাদ থেকে পাশের দোতলা বাড়ির ছাদের ওপর লাফিয়ে পড়েন। স্থানীয়রা দেলোয়ারার লাশ ও আহত ইসমাইলকে উদ্ধার করে প্রথমে কাফরুল ও পরে মিরপুরের দুটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ মিরপুরের হাসপাতাল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দেলোয়ারার শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই।বাড়িওয়ালা জোবায়ের আল মামুন প্রথম আলোকে বলেন, পাঁচতলা ও দোতলার বাড়ির মালিক তিনি। গতকাল বিকেল পাঁচটার দিকে ওই দম্পতির ছোট ছেলে মো. দোয়েল (১২) তাঁকে জানায়, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার বাবা ছাদে বসে আছেন। বিষয়টি তিনি তার (দোয়েল) খালাকে জানাতে বলেন। খবর পেয়ে দোয়েলের খালা এসে পুরো বাসায় দেলোয়ারাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তিনি খাটের নিচে লাশ দেখে চিত্কার দেন। এর পরপরই ইসমাইল ছাদ থেকে লাফ দেন।দেলোয়ারার ভাই মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ইসমাইল চার-পাঁচ মাস আগে চাকরি থেকে অবসর নেন। দেলোয়ারার গ্রামের বাড়ি জামালপুর ও ইসমাইলের গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে জানা গেছে।